কালও যে মেয়েটি ক্লাসে বসে কুরআন-হাদিসের দারস নিয়েছে—আজ সে ফিরল মাদ্রাসায়,কিন্তু লাশ হয়ে! গতকালও তার মুখে ছিল মায়াবী হাসি।সহপাঠীদের সঙ্গে কথা বলেছে, ম্যাডামদের সঙ্গে অমায়িক আচরণ করেছে।কেউ ভাবতেও পারেনি—এটাই নুসরাতের জীবনের শেষ ক্লাস!

পরিবারের সঙ্গে গিয়েছিল সিলেটে। কথা ছিল, রাতের গাড়িতে ঢাকায় ফিরে সকালে আবার মাদ্রাসায় আসবে। অন্য দিনের মতো ক্লাসে বসবে, কুরআন-হাদিসের দারস নেবে...নুসরাত সকালে মাদ্রাসায় ফিরেছে ঠিকই-ফিরেছে তার সেই মায়াবী চেহারাও। শুধু ফেরেনি তার প্রাণটি! একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা থামিয়ে দিয়েছে তার দুনিয়ার পথচলা।

যে মেয়েটির সকালে বই নিয়ে ক্লাসে বসার কথা ছিল, তাকেই আজ মাদ্রাসার মাঠে রাখা হলো জানাযা ও শেষ বিদায়ের জন্য!

মাদ্রাসার মাইকে যখন ঘোষণা এলো—আমাদের বালিকা ক্যাম্পাসের ছাত্রী নুসরাত আর নেই—তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হলো।

ছয়তলা থেকে নিচতলা— হাজার হাজার ছাত্র-শিক্ষক নেমে এলেন মাদ্রাসার মাঠে।

বালিকা ক্যাম্পাসের ছাত্রী হওয়ার কারণে আমি সহ আমাদের কোনো পুরুষ উস্তাদ ও ছাত্র কোনোদিন নুসরাতের চেহারাও দেখেননি। তবুও সবার হৃদয়ে একই ব্যথা—

“সে তো আমাদেরই মাদ্রাসার সন্তান!”

ওপাশের ভবনে পর্দার আড়ালে তার সহপাঠী ছাত্রীরা ও ম্যাডামগণ অশ্রুসিক্ত নয়নে দু'আ করছেন। আর এপাশে হাজার হাজার উস্তাদ-ছাত্র দাঁড়িয়ে তার জানাযায়...

হয়তো গতকাল কোনো ম্যাডাম- বান্ধবী বিদায়ের সময় বলেছিল—

“কাল দেখা হবে, ইনশাআল্লাহ!” কিন্তু সেই ‘কাল’ আর এলো না...!

আজ নুসরাত আমাদের আবার মনে করিয়ে দিয়ে গেল—

জীবন খুবই ছোট। মৃত্যু কোনো বয়স দেখে আসে না।

আজ যে মানুষটি পাশে বসে হাসছে, কাল সে শুধুই স্মৃতি হয়ে যেতে পারে।

আমরা যেন দুনিয়ার এ সংক্ষিপ্ত সফরে নিজের ব্যক্তিত্বের জাহির ও বড়াই না করি!

হে আল্লাহ! আমাদের প্রিয় নুসরাতকে ক্ষমা করে দিন। তার প্রতি অসীম রহম করুন। দুর্ঘটনাজনিত এই মৃত্যুকে তার জন্য শাহাদাতের মর্যাদা লাভের উসিলা করুন। তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।

তার মা-বাবা ও শোকসন্তপ্ত পরিবার, শিক্ষক এবং সহপাঠীদের সবরে জামিল দান করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন।

إِنَّا لِلّٰهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ =আমাদের নুসরাতের জন্য দু'আ করুন—

اللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْحَمْهَا

“হে আল্লাহ! নুসরাতকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন।”

আজ নুসরাতের জন্য আমরা দু'আ করছি-কাল হয়তো আমাদের কারও জন্য অন্যরা দু'আ করবে...